# Tags

সাতক্ষীরার চারটি আসনে মনোনয়ন ঝড় বৈধ১৯,বাবা-ছেলেসহ ছিটকে গেল ১০ জন

শামীম খান,সাতক্ষীরা জেলা প্রতিনিধি-আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২৯ জন প্রার্থীর মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে গুরুতর ত্রুটি ও বিধি লঙ্ঘনের কারণে বাবা-ছেলেসহ ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করেন। এর আগে গত ২৯ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয় ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে মোট ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
সাতক্ষীরা-১ আসন
এই আসনে দাখিলকৃত ৬ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী এস এম মুজিবর রহমান প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংযুক্ত না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। বৈধ ঘোষিত ৫ জন প্রার্থী হলেন—
বাংলাদেশ কংগ্রেসের মো. ইয়ারুল ইসলাম, জামায়াতে ইসলামীর মোঃ ইজ্জত উল্লাহ, জাতীয় পার্টির জিয়াউর রহমান, বিএনপির হাবিবুল ইসলাম হাবিব এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. রেজাউল করিম।
সাতক্ষীরা-২ আসন
এ আসনে ৮ জন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী শেখ মাতলুব হোসেন লিয়ন-এর মনোনয়নপত্র বাতিল করা হয়, কারণ তার প্রস্তাবক মো. রুহুল আমিন হাওলাদার-এর স্বাক্ষর নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত নয়। বাকি ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন-
জামায়াতে ইসলামীর মুহাম্মাদ আব্দুল খালেক, বিএনপির মোঃ আব্দুর রউফ, জাতীয় পার্টির মো. আশরাফুজ্জামান, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) জিএম সালাউদ্দিন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর মো. ইদ্রিস আলী, ইসলামী আন্দোলনের মুফতি রবীউল ইসলাম এবং এলডিপির শফিকুল ইসলাম শাহেদ।
সাতক্ষীরা-৩ আসন
এই আসনে ৮ জন প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী মো. শহিদুল আলম-এর দাখিলকৃত ১ শতাংশ ভোটারের তালিকায় একজন মৃত ব্যক্তির স্বাক্ষর পাওয়ায় তার মনোনয়ন বাতিল হয়। এছাড়া স্বতন্ত্র প্রার্থী এম এ আসাফউদ্দৌলা খান ও আসলাম আল মেহেদী প্রয়োজনীয় ভোটার স্বাক্ষরের তালিকা জমা না দেওয়ায় এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ওয়েজ কুরনী-এর মনোনয়নপত্র বাতিল করা হয়।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— বিএনপির কাজী আলাউদ্দীন, জামায়াতে ইসলামীর হাফেজ মুহা. রবিউল বাশার, জাতীয় পার্টির আলিপ হোসেন এবং বাংলাদেশ মাইনারিটি জনতা পার্টির (বিএমজেপি) রুবেল হোসেন।
সাতক্ষীরা-৪ আসন
৭ জন প্রার্থীর মধ্যে মাত্র ৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন— বিএনপির মোঃ মনিরুজ্জামান, জামায়াতে ইসলামীর জিএম নজরুল ইসলাম এবং ইসলামী আন্দোলনের এস এম মোস্তফা আল মামুন।
অপরদিকে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় জাতীয় পার্টির মোঃ আব্দুর রশীদ, অনুমোদনহীন স্বাক্ষরের কারণে জাতীয় পার্টির হুসেইন মুহাম্মদ মায়াজ, ঋণখেলাপি হওয়ায় গণ অধিকার পরিষদের (জিওপি) এইচ এম গোলাম রেজা এবং প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল ওয়াহেদ-এর মনোনয়নপত্র বাতিল করা হয়।
উল্লেখ্য, সাতক্ষীরার চারটি আসনে মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেন ২৯ জন। যাচাই-বাছাই শেষে ১৯ জনকে বৈধ এবং ১০ জনকে বাতিল ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ আফরোজা আখতার জানান, “নির্বাচন কমিশনের বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করে যাচাই-বাছাই শেষে সাতক্ষীরার চারটি আসনে ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং অনিয়ম ও ত্রুটির কারণে ১০ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।”